নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হয়।
তবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তী সময়ে উদ্ধারকৃতদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচার প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮