এস এম রনি, স্টাফ রিপোর্টার,
'জুলাই শহীদ দিবস-২০২৬' উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিএনপির সদস্য সচিব আল-ইউসুফ খান টিপু, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, র্যাব, ফায়ার সার্ভিস ও অন্যান্য অতিথিসহ প্রায় ১৪০-১৫০ জন।
আলোচনা সভায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা তাদের বিভিন্ন দাবি, আইনি জটিলতা এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, জুলাইয়ে আহত ও নিহত ২১টি পরিবারের চাকরির ব্যবস্থা করা হয়েছে। শহীদ জিসান হত্যা মামলার বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে। আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনি সহায়তার জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মাদকমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন এবং ৫ আগস্টের কর্মসূচি আয়োজনের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, এটি কেবল একটি আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং আবেগের একটি সভা। তিনি শহীদ জিসানের বাবাকে সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময়ের আমন্ত্রণ জানান এবং জুলাইয়ের চেতনাকে সারা বছর ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি জুলাই শহীদ পরিবার ও আহতদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই আন্দোলনের আত্মত্যাগের কারণেই আজকের পরিবর্তন সম্ভব হয়েছে। তাই শহীদদের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শহীদদের কবর সংরক্ষণ, চিকিৎসা, মামলার অগ্রগতি এবং নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং আহত পরিবারের তথ্য প্রশাসনের কাছে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সভার শেষ পর্যায়ে জুলাই শহীদদের বাবা-মায়েরা স্বাধীনভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের বিভিন্ন দাবি-দাওয়া, আইনি সহায়তা ও সার্বিক সহযোগিতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮