বিনোদন ডেস্ক,
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি আদালত থেকে জামিন পাওয়ার দিনই নতুন বিতর্কে জড়িয়েছেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের হামলা এবং পরে সামাজিক মাধ্যমে অশালীন ভাষায় পোস্ট দেওয়ার ঘটনায় শুরু হয়েছে সমালোচনা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর এ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় বুধবার (৪ নভেম্বর) পরীমনির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরদিন সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ ও জামিনের আবেদন করলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
আদালত থেকে বের হওয়ার সময় পরীমনি অভিযোগ করেন, কেউ তাকে ‘ব্যাড টাচ’ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই সময়ে তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা সংবাদকর্মীদের ওপর চড়াও হন। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন।
আদালত প্রাঙ্গণের উত্তেজনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র দুটি শব্দের একটি আপত্তিকর পোস্ট দেন পরীমনি। তবে পোস্টটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অল্প সময়ের মধ্যে এতে হাজারো লাইক পড়লেও কমেন্ট বক্স বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের মতে, ব্যক্তিগত ক্ষোভ থাকলেও একজন জনপ্রিয় ব্যক্তিত্বের এমন অশালীন ভাষা ও আক্রমণাত্মক আচরণ কাম্য নয়।
এর আগেও বিভিন্ন আইনি জটিলতা, আদালত প্রাঙ্গণে উসকানিমূলক অঙ্গভঙ্গি এবং সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন পরীমনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮