মো. আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,
শরীয়তপুরের জাজিরায় রিয়াজুল ফকির (৩২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কাজিরহাট কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত রিয়াজুল ফকির কাজিরহাট ডুবিসায়বর বন্দর এলাকার শাহজাহান ফকিরের ছেলে। তিনি শরীয়তপুর জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কাজিরহাটের কাঠপট্টি এলাকায় অবস্থানকালে একদল ব্যক্তি রিয়াজুল ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রের দাবি, রিয়াজুল ফকিরের কাজিরহাট বাজারে কয়েকটি দোকানঘর রয়েছে। এসব দোকানঘরের আশপাশে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত রিয়াজুল ফকিরের মামাতো ভাই অনিক সিকদার বলেন, “এর আগেও তারা আমার ভাইকে মারধর করেছিল। আজ আবারও তাকে মারধর করেছে। মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকলে এর পেছনে অন্য কেউ ইন্ধনদাতা হিসেবে জড়িত থাকতে পারে বলে আমাদের সন্দেহ। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ বলেন, “খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত রিয়াজুল ফকিরের মাধ্যমে অভিযুক্তদের মধ্যে দুজনের নাম জানতে পেরেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮