
স্টাফ রিপোর্টার, নাদিম সরকার
জনগুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর। সোমবার-২০শে জানুয়ারি- তথ্য অধিদফতরের সভাকক্ষে আধুনিক জনসংযোগ কৌশল, ধারণা ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণে তিনি এ আহ্বান জানান।
আধুনিক জনসংযোগ কৌশলের প্রয়োগের উপর গুরুত্বারোপ করে প্রধান তথ্য অফিসার বলেন- মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব হলো উপদেষ্টাগণের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সংবাদ প্রচার করা। এর পাশাপাশি স্ব-স্ব মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ ও উন্নয়ন কার্যক্রম-সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচার করাও জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব। তিনি বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রচারের জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
গুজবকে তথ্য সন্ত্রাসের সঙ্গে তুলনা করে নিজামূল কবীর বলেন- তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব প্রতিরোধ করা একটি বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি মন্ত্রণালয়-সংক্রান্ত গুজব প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
তারুণ্যের উৎসব ২০২৫ প্রসঙ্গে প্রধান তথ্য অফিসার বলেন-জনসংযোগ কর্মকর্তাগণকে গুরুত্ব সহকারে স্ব-স্ব মন্ত্রণালয়ের তারুণ্যের উৎসব উদ্যাপন-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রচার করতে হবে। তিনি তারুণ্যের উৎসব বিষয়ে ফিচার ও নিবন্ধ লেখার জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এই প্রশিক্ষণে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার -প্রেস-ম. জাভেদ ইকবাল, উপপ্রধান তথ্য অফিসার -প্রশাসন ও অর্থ- মোহাম্মদ আলী সরকার-সহ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিদফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮