দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জনতা ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিয়মিত পদোন্নতি নিশ্চিত এবং দীর্ঘদিনের পদবঞ্চনা দূর করার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ বাংলাদেশ।
রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সুপারনিউমারারি পদোন্নতি নিয়ে জটিলতা এবং নতুন অর্গানোগ্রাম অনুমোদনে দীর্ঘসূত্রতার কারণে বহু যোগ্য কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের ভাষ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সেবার পরিধি ও দায়িত্ব দিন দিন বাড়লেও কর্মকর্তা-কর্মচারীদের কাজের যথাযথ মূল্যায়ন এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্য চলছে। এতে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও সুশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সংগঠনের নেতারা জানান, মূলত দুটি কারণে পদোন্নতি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। প্রথমত, সুপারনিউমারারি পদোন্নতি অর্গানোগ্রামের বাইরে হওয়ায় নীতিগত জটিলতা তৈরি হয়েছে। ফলে ২০২৪ ও ২০২৫ সালের নিয়মিত পদোন্নতি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।
দ্বিতীয়ত, নতুন অর্গানোগ্রাম অনুমোদন এবং পদসংখ্যা পুনর্নির্ধারণে দীর্ঘ বিলম্বের কারণে প্রয়োজনীয় শূন্য পদ তৈরি হচ্ছে না। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা পদোন্নতির সুযোগ পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, কোনো প্রতিষ্ঠানের মূল শক্তি তার কর্মকর্তা-কর্মচারীরা। কর্মীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ থাকলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উন্নয়ন, দক্ষতা ও সুশাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে গুড গভর্নেন্স প্রতিষ্ঠার জন্য কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কাজের যথাযথ মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত পদোন্নতির ব্যবস্থা করার দাবি জানান তারা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদের নেতারা আরও বলেন, সংগঠনটি একটি প্রেসার গ্রুপ ও থিংক ট্যাংক হিসেবে কাজ করছে। দেশের অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কার্যকর ভূমিকা আরও শক্তিশালী করতে দ্রুত নতুন অর্গানোগ্রাম অনুমোদন এবং নিয়মিত পদোন্নতির পথ সুগম করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮