চঞ্চল,
কুড়িগ্রামের কচাকাটায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোন শাহিদা খাতুনকে গলা কেটে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মোঃ আবুল কালাম (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১৩। শুক্রবার (৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে র্যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘাতক আবুল কালাম ও তার সহযোগীরা ৫০০০ টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে অনৈতিক কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে ভিকটিম ও তার ছোট ভাই গ্রাম্য সালিশ ডাকেন। কিন্তু আসামি সালিশে উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এরই জেরে গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় শাহিদা খাতুন বাড়ির টিউবওয়েল পাড়ে গেলে ওত পেতে থাকা ঘাতকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ৫ মার্চ ২০২৬ তারিখ রাত ৯:৪০ মিনিটে রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন স্টেশন রোড এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রধান আসামি আবুল কালামকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে এ ধরনের অপরাধ নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮