তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন দলের সদস্যরা।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আসন্ন জাতীয় বাজেটকে কেন্দ্র করে এই বিশেষ প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কের আয়োজন করা হয়। এবারের বিতর্কের বিষয় ছিল— ‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে’।
প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয় দল সরকারি দল হিসেবে অংশ নিয়ে তাদের যুক্তি উপস্থাপনার মাধ্যমে জয়লাভ করে। অপরদিকে, বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দলের নেতৃত্বে ছিলেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের হরি প্রিয়া সেন, যিনি বিতর্কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে অর্থমন্ত্রী হিসেবে আইন ও বিচার বিভাগের মো. হাসিবুর রহমান এবং সংসদ সদস্য হিসেবে ফোকলোর বিভাগের মো. আতিকুর রহমান সেতু দক্ষতার সাথে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বিতার্কিক হিসেবে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুর রহমান রবিউল এবং আইন ও বিচার বিভাগের সাঈদা রহমান শৈলী।
ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিজয়ী বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে বলেন, "এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। বিতার্কিকদের এই মেধা ও যুক্তিনির্ভর দক্ষতা আগামীতে তাদের আরও বড় সাফল্যের শিখরে নিয়ে যাবে।" তিনি দলের সকল সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮