
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, শেখ হাসিনাবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে সারজিসের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন তিনি।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান দাবি করেন, ২০১৮ সালে সারজিস আলম ছাত্রলীগের পদ পাওয়ার চেষ্টা করেছিলেন। শেখ মুজিবুর রহমানকে ‘বাবা’ সম্বোধন করেও তিনি কোনো পদ পাননি বলে কটাক্ষ করেন রাশেদ।
জুলাই গণঅভ্যুত্থানে সারজিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তাঁর অভিযোগ, আন্দোলনের সময় সারজিসকে তেমন ঝুঁকির মুখে পড়তে হয়নি এবং ডিবি কার্যালয়ে অবস্থানের সময় থেকেই তিনি নেতা হিসেবে পরিচিতি পান। একই সঙ্গে ২০১৮ সালের আন্দোলনে আপসের অভিযোগ তোলার সমালোচনা করে রাশেদ বলেন, পরবর্তী সময়ে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে তাঁরা নির্যাতনের শিকার হয়েছেন।
পোস্টে রাশেদ খান আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সারজিস আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়া বা ডিবি হেফাজতে নেওয়ার সময় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর চলাফেরা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে সারজিস আলমের বক্তব্য ওই পোস্টে উল্লেখ করা হয়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮