তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাট জেলা শহরে ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) সংগঠনের প্রকাশ্যে ঝটিকা মিছিলের পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের শুরু হওয়া বিশেষ চিরুনি অভিযানে জেলা সদর উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগ (নিষিদ্ধ ঘোষিত) এর ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (৬ জুন) দুপুরের পর গ্রেপ্তারকৃতদের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ধৃতদের বিরুদ্ধে লালমনিরহাটের একাধিক হত্যা মামলা এবং বাড়িঘর ভাঙচুরসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা শহরে হঠাৎ করেই ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের খবর পেয়েই তাৎক্ষণিক অ্যাকশনে নামে জেলা পুলিশ।
জেলা শহর ও চার উপজেলার আশপাশের বিভিন্ন এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগ (নিষিদ্ধ ঘোষিত) এর এই ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এদের গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আগামীতেও এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শহরজুড়ে পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮