আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী বলেও দাবি করেছেন তিনি।
বুধবার রাতে নর্থ ক্যারোলাইনার গ্যাস্টোনিয়ায় রিপাবলিকান সিনেট প্রার্থী মাইকেল হোয়াটলির নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আশা করি আমরা যুদ্ধের শেষ পর্যায়ে আছি। তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক, কীভাবে সেটি হয়।’
ট্রাম্প এর আগেও ইরানের চুক্তিতে আগ্রহের কথা বলেছেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা হলেও এখনো দীর্ঘস্থায়ী কোনো সমঝোতা হয়নি।
এদিকে ইরানের সঙ্গে সংঘাত এবং হরমুজ প্রণালির পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানি ব্যয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশে হোয়াটলি ট্রাম্পের ইরান নীতির প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি বা মোতায়েন করতে না পারে, তা নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে। তবে কবে এবং কীভাবে সংঘাতের অবসান হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসেনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮