এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের চাষাড়ায় মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ দাস ওরফে বিল্লাল হোসেন হত্যার পলাতক আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাট্যকার, চিত্রকর, নাট্য পরিচালক ও সাংবাদিক ফজলুল হক পলাশ।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত শুভর স্ত্রী জ্যোতি হোসেন, মা আয়েশা বেগম, বোন সুমাইয়া আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন, শুভ হত্যার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার অন্যতম প্রধান আসামি অনিক, অহিদ, সুমন, ইমন, জয়, বাহার, রাহাত, ছোয়াদ ও সাজ্জাদকে এখনো গ্রেপ্তার করা হয়নি। পলাতক আসামিরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
নিহতের স্ত্রী জ্যোতি হোসেন বলেন, মামলার বাদী পুলিশ হওয়ায় তদন্তের স্বচ্ছতা নিয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা যেন নিজেরা মামলার বাদী হতে পারেন, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
এ সময় বক্তারা গ্রেপ্তার আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা এবং পলাতক সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে মানববন্ধনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮