আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফজাল ফকির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিএস ডাঙ্গী এলাকার স্বাধীনতা চত্বর সংলগ্ন মো. আজিজ মোল্যার চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফজাল ফকির চরভদ্রাসন উপজেলার আরশাদ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. কামাল ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে এসআই কাজী রিপন, এএসআই সাইফুদ্দিনসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আফজাল ফকিরের দেহ তল্লাশি করে ১০ পিস কথিত হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা।
এ ঘটনায় ৭ নভেম্বর ২০২৬ তারিখে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার নম্বর- ৫।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে চরভদ্রাসন থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮