আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮শে অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. দেবাশীষ কাপুড়িয়া, চরভদ্রাসন থানার এস.আই মোজাম্মেল।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি সার সংক্রান্ত, এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা কমানো এবং মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, “বাইরে থেকে দেখে মনে হচ্ছে মাদকের বিস্তার কিছুটা কমেছে। কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে মাদকের প্রভাব আগের মতোই রয়ে গেছে। মাদকের বিস্তার ও পরিস্থিতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি।” এ সময় তিনি মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের আরও সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮