সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের পিএইচ.ডি. গবেষক ও সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের গবেষণাকর্মের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বাংলা বিভাগের সম্মেলন কক্ষে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষ সম্পর্কের জটিলতা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম। তাঁর মূল পিএইচ.ডি. অভিসন্দর্ভের শিরোনাম ‘বাংলা উপন্যাসে চিত্রিত বিবাহবহির্ভূত সম্পর্ক: কল্লোল যুগের তিনজন লেখক (প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু)’। প্রবন্ধ উপস্থাপনকালে তিনি কল্লোল যুগের সাহিত্যিক প্রেক্ষাপট এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে ফ্রয়েডীয় মনস্তত্ত্ব, সমাজবাস্তবতা ও নারী-পুরুষের সম্পর্কের নানা জটিল দিক তথ্য-উপাত্তসহ তুলে ধরেন।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. তাসলিমা বেগম। এ সময় তিনি গবেষণাকর্মের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সেমিনারে আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থেকে মতামত দেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ সাদী এবং সহযোগী অধ্যাপক লোকমান কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্যাহ ভূঁইয়া, অধ্যাপক ড. প্রকাশ দাশগুপ্ত, সহযোগী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক, সহযোগী অধ্যাপক শায়লা বিনতে হোসাইন, সহকারী অধ্যাপক কাকলী পালসহ বিভাগের অন্যান্য শিক্ষক। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, এম.ফিল. ও পিএইচ.ডি. গবেষক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
সেমিনারে উপস্থিত শিক্ষকেরা গবেষকের প্রবন্ধের তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী দিকগুলোর প্রশংসা করেন। পাশাপাশি গবেষণাকর্মকে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮