প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৮:০০ পি.এম
চবিতে চাকসুর উদ্যোগে উদ্বোধন হলো ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’

সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় হাবটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ও চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি।
এ সময় উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলমগিরসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে হাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের জন্য ১০টি উচ্চ কনফিগারেশনের কম্পিউটার স্থাপন করা হয়েছে। এসব কম্পিউটার গবেষণা, অনলাইন শিক্ষা, সফটওয়্যারভিত্তিক কাজসহ বিভিন্ন প্রযুক্তিগত কার্যক্রমে ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাবটিতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কফির ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এখানে নিয়মিত বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, প্রেজেন্টেশন, ক্যারিয়ার প্রস্তুতিসহ বিভিন্ন প্রয়োজনীয় সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি নতুন সংযোজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত দক্ষতা আরও শাণিত করার সুযোগ পাবে। আমরা চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাবকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে শিক্ষার্থীরা নিয়মিত এখান থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। এ উদ্যোগকে আরও কার্যকর ও টেকসই করতে চাকসুর সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।”
চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, “চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর নিজস্ব পার্সোনাল কম্পিউটার নেই, তাদের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পাশাপাশি, এই হাবের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সফট স্কিল ও প্রযুক্তিভিত্তিক কোর্স চালু করা হবে।
চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাবকে নিয়মিত ও কার্যকরভাবে সচল রাখা এবং শিক্ষার্থীরা যাতে এখান থেকে নিয়মিত সেবা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি উপযুক্ত ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে এই উদ্যোগকে আরও কার্যকর, টেকসই ও গতিশীল করা সম্ভব হবে।”
চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমানের সার্বিক দায়িত্বে ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’ উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২