চন্দনাইশ প্রতিনিধি মোঃনেয়াজুর রহমান নয়ন,
চট্টগ্রামের চন্দনাইশে মোবাইল কোর্টে জব্দ করা বালু চুরি করে ফের বিক্রির সময় দুইজনকে হাতেনাতে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার (১৪ ই জুলাই) দুপুরে উপজেলার বরকল কেশুয়া রাস্তার মাথা টিনের হাট এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
দণ্ডিতদের মধ্যে মো. আবদুল করিমকে ১ মাসের এবং মো. শরীফুল ইসলামকে ১ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, কিছুদিন আগে বালুগুলো মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করে চিহ্নিত করে রাখা হয়েছিল। তবে অসাধু ব্যবসায়ীরা তা রাতারাতি সরিয়ে বিক্রি করার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মো. আবদুল করিম ও মো. শরীফুল ইসলামকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, বালু জব্দ করে লাল পতাকা লাগানোর পরও তা চুরি করে বিক্রির চেষ্টা খুবই দুঃসাহসিক। দুজনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটকের পর সাজা দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, থানার পুলিশ সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮