প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৫:১৭ এ.এম
চট্টগ্রাম দক্ষিণ জেলার ২০ রুটে বাস চলাচল বন্ধ ভোগান্তিতে জনসাধারণ।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
চট্টগ্রাম দক্ষিণাঞ্চল- কক্সবাজার- বান্দরবান জেলার সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্মবিরতি পালন করছে। এর ফলে ওই এলাকার ২০ রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ রবিবার -৮ সেপ্টেম্বর- সকাল থেকে কর্মবিরতি শুরু হয়।
চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাস শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক নেতারা। নগরীর বিভিন্ন স্টেশন থেকে দক্ষিণমুখী বাস মিনিবাস না ছাড়ায় যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা- মাইক্রোবাসসহ বিভিন্ন যানে বাড়তি ভাড়া দিয়ে শাহ আমানত সেতু এলাকায় যান। সেখান থেকে ও কক্সবাজার- বান্দরবান ও চট্টগ্রামের দক্ষিণের আটটি উপজেলায় কোনো বাস মিনিবাস ছেড়ে না যাওয়ায় তারা দুর্ভোগে পড়েন। শুধু আমানত সেতু এলাকা নয়- সেতুর দক্ষিণে মইজ্জারটেক- শান্তিরহাট- পটিয়া- চন্দনাইশ- সাতকানিয়ার কেরানীহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে বাস মিনিবাস না পেয়ে দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন যাত্রীরা। এদিকে ধর্মঘটকে পুঁজি করে বাড়তি ভাড়া নিচ্ছে অটোরিকশা- টমটমসহ বিভিন্ন হাল্কা ও কমগতির যানবাহনগুলো। চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার- বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা বলেন- শ্রমিকদের মারধর করার কারণে এ পরিস্তিতি সৃষ্টি হয়েছে। এতে ১৮টি মালিক সমিতি এবং ছয়টি শ্রমিক সংগঠন গাড়ি চলাচল বন্ধ রেখেছে। গাড়ির স্টাফদের মারধর করার প্রতিবাদে এ ধর্মঘট চলছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন- চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় বাস শ্রমিকদের মারধর করা হয়েছিল। তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২