চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণ সেবা, ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ৫০০ কোটি টাকা বিতরণের লক্ষ্য,
চট্টগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আশার সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) নগরীর স্টেশন রোডের ৬৫৯/এ নম্বরে অবস্থিত দি এলিনা হোটেলে এ সভার আয়োজন করে আশা-চট্টগ্রাম ডিভিশনাল অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আশা-কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম এবং দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি।

আশা-চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এমএম নফিজ মাহমুদের সভাপতিত্বে সভায় আশার কার্যক্রম উপস্থাপন করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। এ সময় ডিএম, আরএম, এসই ও বিএমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আশা'র কেন্দ্রীয় এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম আশা'র বিস্তারিত তথ্যে
উপস্থাপন করতে গিয়ে বলেন, আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণ সেবা দিচ্ছে। তাঁদের কাছে ঋণ স্থিতি ১ হাজার ৫৩৫ কোটি ৬৮ লাখ টাকা। ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতেও আশার কার্যক্রম রয়েছে। এই বিভাগে ৫৩২টি কেন্দ্রে ১৫ হাজার ২০২ জন শিক্ষার্থীকে নিয়ে আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম চলছে। ২০২৫ সালে ৫টি স্বাস্থ্যকেন্দ্রে ৩১ হাজার ৪১১ জন রোগী সেবা নেন। একই বছর ২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ১৬ হাজার ৯২১ জন অপারেশনবিহীন হাঁটু, কোমর, ঘাড় ও হাতের ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, ডিস্ক প্রল্যাপসসহ সব ধরনের জয়েন্টের সমস্যার চিকিৎসা নেন।
সদস্যদের সামাজিক সুরক্ষায় ২০২৫ সালে ২ হাজার ৯২ জনের বীমা দাবি পরিশোধ ও ৮ দশমিক ৮৬ কোটি টাকা ঋণ মওকুফ করা হয়েছে। ১৩২ জন সদস্যকে ৪ দশমিক ৬২ লাখ টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সদস্যের মৃত্যুজনিত দাফন-কাফনের জন্য ৫ হাজার টাকা করে ৭৫৮ জনকে ৩৭ দশমিক ৯০ লাখ টাকা এবং ৫১ জনকে ৭ দশমিক ৬৫ লাখ টাকা এককালীন অবসর ভাতা দেওয়া হয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসকের কাছে ২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতি মাসে ৫ জন গরিব মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়, যার পরিমাণ ২০২৫ সালে ৯ লাখ টাকা। সরকারি সব দিবসে আশার প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮