চট্টগ্রাম ব্যুরো,
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জেলা পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও অংশগ্রহণ করেন।
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ইং ,বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলী নগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ ও র্যাবের সমন্বয়ে পরিচালিত অভিযানে সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি এবং অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম'র নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার'র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের মূল লক্ষ্য ছিল জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখা।
অভিযানকালে স্থানীয় জনগণের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—কোনোভাবেই সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮