তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়া থেকে দু'জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের নিকট থেকে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
র্যাব-১৫ এর একটি দল শনিবার রাতে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লালব্রিজ এলাকায় এই অভিযান চালায়।
র্যাব জানায়- মহেশখালি উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন থেকে অস্ত্রের চালান আসার বিশেষ সংবাদে তাদের একটি দল লালব্রিজ এলাকায় বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ ও এর চালকসহ দুজনকে আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে দেশীয় তৈরি দুটি এলজি উদ্ধার হয়।
গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীদ্বয় হলেন- মহেশখালি উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলি এলাকার নয়াপাড়ার জাবের আহমদ ও কুলছুমা বেগমের পুত্র মোহাম্মদ সরওয়ার কামাল (৪২) এবং চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরনদ্বীপ এলাকার মৌলভি আবদুর রহিম ও হাছিনা বেগমের পুত্র আবদুল কাদের (৪৫)।
অভিযানের বিষয়টি টের পেয়ে মোঃ বেলাল হোসেন (৪৮) ও মোঃ নুরুল ইসলাম (৩২) নামের আরো দুজন অস্ত্র ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুজনকে চকরিয়া থানায় হস্তান্তর করে পলাতক দুজনসহ সকলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরে লিখিত এজাহার দেয়া হয়েছে বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮