তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ায় এক ইজিবাইক চালককে পিষে মেরেছে সোহাগ পরিবহনের চালক। পরে ধাওয়া করে বাসটি আটকে পুলিশে দিয়েছে জনতা।
শুক্রবার (২৭ জানুয়ারি) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়ার নলবিলা ঢালায় এই ঘটনা ঘটেছে।
নিহত ইজিবাইক চালক তারেকুল ইসলাম (১৮) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহওমর নগরের মৃত মোক্তার আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারেক তার ইজিবাইক চালিয়ে বানিয়াছড়া স্টেশন থেকে চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা স্টেশনে যাচ্ছিলো। এসময় ঢাকা থেকে আসা কক্সবাজারগামী সোহাগ পরিবহনের একটি বাস তার ইজিবাইকে ধাক্কা দিলে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এঘটনায় ইজিবাইক থেকে নেমে চালক তারেক বাসটি থামাতে হাত নেড়ে সংকেত দেয়। এসময় বাসচালক সংকেত উপেক্ষা করে তারেকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি নিয়ে ধাওয়া করে চকরিয়া বাসটার্মিনাল থেকে ঘাতক বাসটি আটকে হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করে। তবে চালক-হেলপার পালিয়ে যায়।
নিহত তারেকের বড়ভাই আরিফুল ইসলাম বলেন- 'পিতার মৃত্যুর পর সংসারের হাল ধরতে তার কিশোর ভাই তারেককে বিয়ে করানোর পর ধারকর্জ করে একটি ইজিবাইক কিনে দেয়া হয়'।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন- 'সোহাগ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে'।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮