নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী শিশু আরহাম ও মোটরসাইকেল আরোহী প্রবাসী মাহবুবুর রহমান (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং স্টেশন এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনায় চকরিয়া থেকে উত্তর হারবাংগামী একটি টমটমের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ডাবল কেবিন পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে টমটমচালকসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশু আরহামকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে।
অন্যদিকে, একই এলাকায় দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান ঘটনাস্থলে নিহত হন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং তিন মাস আগে দেশে এসেছিলেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মো. জাকিবুল ইসলাম জানান, পৃথক দুই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮