শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের কথিত সর্দার ও চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লুণ্ঠিত আরেকটি মোটরসাইকেল, স্বর্ণের রঙের ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে চকরিয়া থানা, রামু থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন।
পুলিশের তথ্যমতে, গত ১২ নভেম্বর চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুণ্ঠনের অভিযোগ রয়েছে তৌহিদের বিরুদ্ধে। এ ঘটনায় চকরিয়া থানায় ২৫ নভেম্বর মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া একই তারিখে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় সংঘটিত আরেকটি ডাকাতির ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা, আনুমানিক ১৩ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুণ্ঠনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ নভেম্বর চকরিয়া থানায় মামলা করা হয়।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিনকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাত।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ সদস্যের একটি ডাকাত বাহিনী সক্রিয় থাকার তথ্য পেয়েছে পুলিশ।
তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল এবং ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া বিদেশি ইমিটেশনের গোল্ডেন কালারের তিনটি চেইনসহ অন্যান্য ইমিটেশনের মালামাল জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে অপরাধলব্ধ অর্থ দিয়ে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এবং বান্দরবানের লামা থানাধীন পাইতং এলাকায় বাড়িসহ বিভিন্ন সম্পদ গড়ে তোলার তথ্য পাওয়া গেছে।
তার সহযোগীদের শনাক্ত, অপরাধলব্ধ সম্পদের উৎস ও প্রকৃত মালিকানা অনুসন্ধানে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
গ্রেফতার তৌহিদুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮