আরিফ আহমেদ,
ঘুষ আর দুর্নীতিতে সয়লাব বরিশাল। বেশিরভাগ ক্ষেত্রেই পরিদর্শন ছাড়া আর কোনো কাজ করেনা বরিশালের সংশ্লিষ্ট প্রশাসন।
অভিযোগ রয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাট-বাজার, বাস টার্মিনালের সভাপতি ও সেক্রেটারির পকেটে কমিটি এখন বিএনপির দখলে। আবার জেলা ও নগরসহ উপজেলা, ইউনিয়ন প্রশাসক থেকে বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান পর্যন্ত সবখানে, সবকিছুতেই যোগ্য নেতৃত্ব সরিয়ে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র টাকাপয়সার বিনিময়ে, এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয় ববি উপাচার্য, রেজিস্ট্রারসহ হাসপাতালের বড় বড় পজিশনে এভাবেই টাকার বিনিময়ে লোক বসিয়ে দেওয়ার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। সর্বশেষ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করেও উঠেছে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ। অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিয়মিত পরিদর্শন, সভা-সমাবেশ ও আনুষ্ঠানিকতা থাকলেও নাগরিক সমস্যার সমাধানে দৃশ্যমান উদ্যোগ নেই। জনসেবার চেয়ে পদ-পদবি, প্রভাব ও আর্থিক স্বার্থই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। সর্বশেষ বরিশাল উন্নয়ন কতৃপক্ষ বউক চেয়ারম্যান নিয়েও তৈরি হয়েছে এই বিতর্ক। এখানে বউক চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য এবায়দুল হক চান, জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আইনজীবী আবুল কালাম শাহিন এবং মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ একাধিক নেতা আবেদন করেছিলেন। আবেদনকারীদের মধ্যে যোগ্যতা, শিক্ষাগত অবস্থান ও সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। আবুল কালাম শাহিন পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন বলেও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
কিন্তু ১১ নভেম্বর বিকেলে চেয়ারম্যান হিসেবে জিয়াউদ্দিন সিকদারের নিয়োগের খবর প্রকাশিত হওয়ার পর আবুল কালাম শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘টাকার কাছে হেরে গেলাম...।’ তার এই বক্তব্য নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। একজন মনোনয়নপ্রত্যাশীর এমন প্রকাশ্য মন্তব্য উপেক্ষা করার সুযোগ নেই। সরকারের উচিত নিয়োগ প্রক্রিয়ার যোগ্যতা, মূল্যায়ন ও সিদ্ধান্তের ভিত্তি জনগণের সামনে পরিষ্কার করা।
বউক চেয়ারম্যান নিয়োগে আরও একটি রাজনৈতিক প্রশ্ন সামনে এসেছে। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে পেছনে ফেলে একই কমিটির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার কীভাবে চেয়ারম্যান হলেন? সাংগঠনিক কাঠামোতে আহ্বায়ক পদটি সদস্যসচিবের ওপরে হলেও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগে সদস্যসচিবকেই বেছে নিয়েছে সরকার। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নিয়োগের ক্ষেত্রে কোন যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করা হয়েছে? মনিরুজ্জামান ফারুক কিম্বা জেলা সদস্য সচিব আবুল কালাম শাহিন এর সাংগঠনিক অবস্থান, রাজনৈতিক অভিজ্ঞতা ও যোগ্যতা কি বিবেচনায় নেওয়া হয়েছিল? নাকি এই নিয়োগের পেছনে অন্য কোনো হিসাব কাজ করেছে? এসব প্রশ্নের উত্তর সরকারের কাছ থেকেই প্রত্যাশা করছেন বরিশালের মানুষ।
এদিকে বরিশালের দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরকে দায়িত্ব থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। ১০ নভেম্বর তার প্রত্যাবর্তনের খবর প্রকাশিত হয়। অথচ দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে বেশ কিছু উদ্যোগ নিয়ে নগরবাসীর প্রশংসা অর্জন করেছিলেন তিনি
বিশেষ করে ২৫০ জন অনিবন্ধিত কর্মীকে হাসপাতাল থেকে বের করে দেওয়া এবং ডায়াগনস্টিক সেন্টারের দালালচক্র প্রতিরোধে তার উদ্যোগ ছিল উল্লেখযোগ্য। কিন্তু এসব উদ্যোগের পর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের অসহযোগিতার অভিযোগ ওঠে। হাসপাতালের লিফট বিকল, রোগীদের খাবার ও ওষুধের সংকট এবং প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতার বিষয়গুলো নিয়েও একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে।
পরিচালক নিজেও সর্বশেষ বক্তব্যে হতাশা প্রকাশ করে জানিয়েছিলেন, তিনি আর সেখানে থাকতে আগ্রহী নন। সংশ্লিষ্ট দপ্তরে ফিরে যাওয়ার আবেদন করেছেন এবং হাসপাতালের পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছেন বলে আক্ষেপ করেছিলেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বড় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের চিত্র ফুটে ওঠে।
প্রশ্ন হচ্ছে, একজন পরিচালক যদি অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কাজ করতে গিয়ে নিজেকে অসহায় মনে করেন, তাহলে সাধারণ রোগীরা কার কাছে প্রতিকার চাইবেন?
এদিকে নতুন পরিচালক নিয়োগ নিয়ে হাসপাতালের ভেতরে পছন্দের প্রার্থীকে বসানোর তৎপরতা এবং বিপুল অর্থ লেনদেনের গুঞ্জনও রয়েছে। এসব গুঞ্জন দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।
বরিশালের শিক্ষা খাতেও নিয়োগ ও পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। গত ২২ আগস্ট প্রকাশিত প্রত্রিকার এক প্রতিবেদনে বরিশাল সদরের তিনটি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন নিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের অসন্তোষের কথা উঠে আসে। জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং অর্থের বিনিময়ে পদায়নের অভিযোগও করেছিলেন সংশ্লিষ্ট শিক্ষকদের কেউ কেউ। তাদের দাবি ছিল, এসব পদায়নে অন্তত ১০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। এগুলোকে শুধু অভিযোগ হিসেবে না দেখে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহির প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে। শুধু শিক্ষা খাত নয়, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দরপত্র ও উন্নয়নকাজ নিয়েও গুরুতর অভিযোগ প্রকাশিত হয়েছে। অক্টোবর মাসে প্রকাশিত সংবাদে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দরপত্র নিয়ন্ত্রণ, ভুয়া বিল-ভাউচার এবং ঠিকাদারি কাজ বণ্টনে অনিয়মের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে লিখিত আবেদনের কথা জানানো হয়। অভিযোগে প্রায় ২৬ থেকে ৩২ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ ও কমিশন লেনদেনের বিষয়ও উঠে এসেছে। সরকারি উন্নয়নকাজের অর্থ যদি কমিশন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষই।
সরকারি প্রশাসনের জবাবদিহি নিয়েও প্রশ্ন রয়েছে। বরিশালের সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে নির্বাচনী ব্যয় ও বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রিপরিষদ বিভাগ তদন্তে নেমেছিল বলে আগস্ট মাসে সংবাদ প্রকাশিত হয়। এর আগে মে মাসে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে তথ্য ফাঁস ও প্রতিহিংসামূলক বদলির অভিযোগও প্রকাশিত হয়। অর্থাৎ প্রশাসনের ভেতরের অনিয়মের অভিযোগ শুধু সাধারণ মানুষের মুখে নয়, সংবাদমাধ্যমেও উঠে এসেছে। এসব বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা আজ পর্যন্ত অদৃশ্য থেকে গেছে।
অথচ সাধারণ মানুষের চোখের সামনেই বছরের পর বছর ধরে প্রশাসনিক অবহেলার নজির রয়ে গেছে। বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাটে দাঁড়িয়ে রয়েছে ‘স্বাগতম বাকেরগঞ্জ উপজেলা’ লেখা সাইনবোর্ড। জায়গাটি বরিশাল সদর উপজেলার অন্তর্ভুক্ত হলেও সাইনবোর্ডটি সরানো হয়নি। এ নিয়ে গত ১৩ অক্টোবরও সংবাদ প্রকাশিত হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে প্রশাসনের নির্দেশনার কথাও সংবাদমাধ্যমে এসেছিল। তারপরও সাইনবোর্ডটি অপসারণ না হওয়া প্রশাসনিক দায়িত্বহীনতার একটি দৃষ্টান্ত। প্রশ্ন হচ্ছে, একটি ভুল সাইনবোর্ড সরাতে প্রশাসনের এত দীর্ঘ সময় কেন লাগে? তাহলে কি করছে বরিশালের জেলা পরিষদ। এটির প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের কর্মকাণ্ড নিয়েও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান কিংবা নতুন কোনো জনকল্যাণমূলক উদ্যোগের চেয়ে দান-খয়রাত নির্ভর অর্থনৈতিক লেনদেনের সংশ্লিষ্টতা রয়েছে এমন কাজেই বেশি মনোযোগী তিনি। এমনকি নতুন করে ইজারা দেওয়ার জন্য বিভিন্ন সড়ক-সেতু খুঁজে বের করার অভিযোগ তার বিরুদ্ধে।
দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের মনে রাখার মতো উল্লেখযোগ্য কোনো জনহিতকর উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি বলে অভিযোগ রয়েছে। অথচ জেলা পরিষদের দায়িত্ব শুধু দাপ্তরিক কার্যক্রম পরিচালনা আর ইজারাদার খুঁজে বের করা নয়; গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, জনকল্যাণ ও স্থানীয় উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখার কথা।
বরিশালবাসীর প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসক কি কেবল প্রশাসনিক পরিদর্শন ও দাপ্তরিক কার্যক্রমের জন্য দায়িত্ব নিয়েছেন, নাকি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেরও কোনো দায়বদ্ধতা রয়েছে?
এর বাইরে থানার ওসি, পুলিশ কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি-সম্পাদক পদে নিয়োগ ও মনোনয়ন নিয়েও বরিশালে নানা সময়ে অর্থ লেনদেন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য বিভাগের কয়েকটি নিয়োগ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের আপত্তির পর প্রক্রিয়া স্থগিত হওয়ার ঘটনাও আলোচনায় এসেছিল। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে একই ধরনের স্বচ্ছতা ও জবাবদিহি কতটা নিশ্চিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অভিযোগ রয়েছে, একে স্কুল, হালিমা খাতুন, শের ই বাংলাসহ কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা, অভিজ্ঞতা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অবদান বিবেচনার পরিবর্তে রাজনৈতিক পরিচয় ও আর্থিক সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিরাও অর্থনৈতিক লেনদেনের প্রতিযোগিতায় এগিয়ে আছেন বলে অভিযোগ রয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলেন, তার প্রতিফলন কোথায়? সরকার পরিবর্তন হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের চেয়ার পরিবর্তন হয়েছে, বিভিন্ন দপ্তরে নতুন মুখ এসেছে। কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি, সরকারি দপ্তরে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কি কোনো পরিবর্তন হয়েছে?
প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন স্থাপনা পরিদর্শন, সভা-সমাবেশ, উন্নয়ন প্রকল্পের স্থান ঘুরে দেখা এবং ফটোসেশনের খবর প্রায়ই প্রকাশিত হচ্ছে। কিন্তু সেই পরিদর্শনের ফলাফল কী? কতটি সমস্যার সমাধান হয়েছে? কতজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? কতটি জনদুর্ভোগের অবসান ঘটেছে? এসব প্রশ্নের উত্তর আজ পর্যন্ত পায়নি সাধারণ মানুষ। যার অনন্য উদাহরণ শেবাচিম। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এর প্রতিশ্রুতিও যেখানে ব্যর্থ হয়েছে বারবার।
বরিশালের মানুষ উন্নয়ন চায়, যোগ্য নেতৃত্ব চায়, দুর্নীতিমুক্ত প্রশাসন চায়। তারা কোনো দলের কাছে ব্যক্তিগত সুবিধা কিংবা বিশেষ অনুগ্রহ চায় না। তারা চায় সরকারি প্রতিষ্ঠানে সঠিক ব্যক্তির নিয়োগ, চিকিৎসা সেবায় শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য নেতৃত্ব, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং প্রশাসনের কাছে সাধারণ মানুষের মর্যাদা।
রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি দায়িত্ব পাওয়া আর জনগণের সেবা করা এক বিষয় নয়। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া মানে রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানকে দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার অধিকার পাওয়া নয়।
যে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ করে অসংখ্য প্রশ্ন ঝুলছে স্যোসালমিডিয়ায়।
তাদের প্রশ্ন- ক্ষমতার পরিবর্তন কি শুধু পদ-পদবি ও সুবিধাভোগীদের মুখ পরিবর্তনের জন্য, নাকি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য?
যদি যোগ্যতার পরিবর্তে অর্থ, জনসেবার পরিবর্তে ব্যক্তিস্বার্থ এবং জবাবদিহির পরিবর্তে রাজনৈতিক প্রভাবই নিয়োগ ও প্রশাসনের প্রধান নিয়ামক হয়ে দাঁড়ায়, তাহলে আগের ব্যবস্থার সঙ্গে নতুন ব্যবস্থার পার্থক্য কোথায়? জনগণ কি শুধু সরকার পরিবর্তনের দৃশ্য দেখবে, নাকি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃত পরিবর্তনের সুফলও পাবে?
বরিশালের সাধারণ মানুষ এখন আর আশ্বাস শুনতে চায় না। তারা কাজ দেখতে চায়, দুর্নীতির তদন্ত দেখতে চায়, যোগ্য ব্যক্তির মূল্যায়ন দেখতে চায়। সর্বোপরি তারা এমন প্রশাসন চায়, যে প্রশাসন ক্ষমতাবানদের নয়, জনগণের স্বার্থে কাজ করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮