এস এম রনি, স্টাফ রিপোর্টার,
সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত শহরের খানপুর রোডের মিশনপাড়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন মহানগর শাখার আমির মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো. মঈন উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আক্তার হোসেন, মহানগর শাখার সহকারী সেক্রেটারি এইচএম নাসির উদ্দিন এবং মহানগর মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ দক্ষিণ শাখার নায়েবে আমির খলিলুর রহমান টিটুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক মানুষ কর্মসংস্থান হারাচ্ছেন। তাঁরা দ্রুত গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান, নিত্যপণ্যের দাম কমানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নেতারা আরও অভিযোগ করেন, সরকারদলীয় চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও তাঁরা দাবি করেন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াতের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন বলেও বক্তব্য দেন তাঁরা।
পরে মিছিলটি মিশনপাড়া মোড় থেকে ২ নম্বর রেলগেট হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন নেতাকর্মী অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮