
ইবি প্রতিনিধি।।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে অনলাইনে আবেদন কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এবার আবেদন জমা হয়েছে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। এর মধ্যে পরীক্ষা দিতে কেন্দ্র হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে-ইবি-বাছাই করেছেন ১৫ হাজার ১০২ জন পরীক্ষার্থী।
সোমবার -২২ এপ্রিল-বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান-আবেদনকারীদের মধ্যে ১৫ হাজার ১০২ জন ইসলামী বিশ্ববিদ্যালয়েকে পরীক্ষার কেন্দ্র হিসেবে পছন্দ করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬ হাজার ৪৪২ জন-‘বি’ ইউনিটে ৭ হাজার ২৪৬ জন ও ‘সি’ ইউনিটে ১ হাজার ৪১৪ জন।
জানা যায়-আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট-৩ মে ‘বি’ ইউনিট, ১০ মে ‘সি’ ইউনিট এবং ১১ মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সোমবার-২২ এপ্রিল-ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী-‘এ’ ইউনিটের জন্য আগামী ২৪-২৭ এপ্রিল, ‘বি’ ইউনিটের জন্য ০১- ০৩ মে এবং ‘সি’ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ০৯-১১ মে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে শুধুমাত্র ২৪ এপ্রিলের পূর্বঘোষিত পরীক্ষাসমূহ চলবে।

























