প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৪, ৯:৩০ এ.এম
গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে স্ত্রী নিজেই হাসপাতালে নিলেন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কোনাবাড়ীতে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিপা আক্তার-৩৪-নামের ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে কোনাবাড়ী থানার জরুন উত্তরপাড়া আব্দুর রশিদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে স্বামীকে ওই স্ত্রীই হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে।
গ্রেফতারকৃত নিপা আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিণ গাবুড়া গ্রামের আব্দুস সাত্তারের কন্যা। স্বামী আবুল হোসেন-৪০-বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কৃষ্ণকাঠি গ্রামের নুর মোহাম্মদের পুত্র। তারা কোনাবাড়ীতে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় কাজ করেন। নিপা আক্তার ভিকটিম আবুল হোসেনের প্রথম স্ত্রী।
বাসার মালিক মো.আব্দুর রশিদ জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে আবুল হোসেনের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। পরে তারা সবাই এগিয়ে গেলে তার স্ত্রী নিপা আক্তার বলেন, তার স্বামীর গোপনাঙ্গে পোকায় কামড় দিয়েছে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আবুল হোসেনের গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছে।
এদিকে রোববার রাতে প্রথম স্ত্রী নিপা আক্তার বাসায় ফিরে এসে জানান, আবুল হোসেন সুস্থ আছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায় থাকলেও তিনি বিকেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে বিষয়টি কোনাবাড়ী থানায় জানানো হলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী হাসনা বেগম জানান, তার স্বামী আবুল হোসেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছয় বছর আগে তাকে বিয়ে করেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। তার স্বামী অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারতেন না। তারা দুজনই পোশাক কারখানায় চাকরি করেন। কী কারণে প্রথম স্ত্রী নিপা আক্তার এমন ঘটনা ঘটিয়েছেন বুঝতে পারছেন না। তার স্বামী বর্তমানে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন।অভিযুক্ত নিপা আক্তার স্বামীর গোপনাঙ্গ কাটার বিষয়টি স্বীকার করেন। তবে কেন এমনটি করেছেন তা বলেননি তিনি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত নিপা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২