প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৮:০১ পি.এম
গাজীপুরে সাবেক সাব-রেজিস্ট্রার নুরুলের বিরুদ্ধে দুদকের মামলা

মো.ইমরান হোসেন,
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের টঙ্গীর সাবেক সাব-রেজিস্ট্রার মো. নুরুল আমীন তালুকদার, তার স্ত্রী মোছা. নুরুন্নাহার খানম ও মেয়ে জিনাত তালুকদারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা যায়, প্রথম মামলায় আসামি নুরুল আমীন তালুকদার টঙ্গীর সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৪১ লাখ ৪৩ হাজার ৫৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং তার সম্পদ বিবরণীতে ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৫৪৭ টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেন।
দ্বিতীয় মামলায় আসামি নুরুন্নাহার খানম ও তার স্বামী নুরুল আমীন তালুকদার তারা একে অপরের সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে ৯ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৬৯৭ টাকার সম্পদ অর্জন করেন। নুরুন্নাহার খানমের ২৩টি ব্যাংক হিসাবে প্রায় ৩০ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তৃতীয় মামলার আসামি জিনাত তালুকদার ও তার বাবা নুরুল আমীন তালুকদার তার সম্পদ বিবরণীতে ৯ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপন করেছেন এবং তার বাবার অর্জিত অবৈধ অর্থকে বৈধ করার উদ্দেশ্যে নিজের নামে ১ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার পাঁচটি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২