মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে একটি বিদ্যালয়ে ছাত্রীদের ধূমপানের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর ৪ ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। ওই ৪ ছাত্রী গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জানাযায়, বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় গলিতে দাঁড়িয়ে ধুমপান করছে তিন ছাত্রী। সেই দৃশ্যের ভিডিও গোপনে ধারণ করেন তাদের সহপাঠীরা। পরে হাত বদলে সেই ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে। তবে ভিডিওটি কবে বা কখন ধারণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ৪ ছাত্রীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।
এদিকে ভিডিওটি ভাইরাল হলে গত ২০ এপ্রিল নজরে আসে বিদ্যালয় কর্তৃপক্ষের। তখন বিদ্যালয় বন্ধ থাকায় ওই ছাত্রীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। ঈদের ছুটি শেষে বিদ্যালয় খোলা হলে গত মঙ্গলবার ওই ৪ শিক্ষার্থীর অভিভাবকদের স্কুলে ডেকে আনেন বিদ্যালয়ের অধ্যক্ষ মনিরুজ্জামান। অভিযুক্ত ৪ শিক্ষার্থীর অভিভাবকদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয় এবং পরবর্তীতে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়।
৪২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ৪ ছাত্রী বিদ্যালয়ের পাশের একটি কোচিং সেন্টারের গলিতে বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করছে। তাদের একজনকে জ্বলন্ত সিগারেট টানতে দেখা যায় এবং আরেক ছাত্রীকে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরাতে দেখা যায়। এসময় পাশে আরো দুই ছাত্রীকে হাস্যজ্বল ভঙ্গিতে দেখা যায়। ওই ৪ ছাত্রীর ধূমপানের দৃশ্য অপরপাশ থেকে মোবাইলে ধারণ করেন অন্যান্য শিক্ষার্থীরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত কেউ ছড়িয়ে দেয়।
এ বিষয়ে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। গত মঙ্গলবার অভিভাবকদের ডেকে এনে ৪ ছাত্রীকে মৌখিকভাবে বিদ্যালয়ে না আসার জন্য বলা হয়েছে। বিষয়টি গাজীপুর শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।
এদিকে গাজীপুর জেলা শিক্ষা অফিসার বলেন, ছাত্রীদের ধূমপান সম্পর্কে আমি অবগত নই। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে আলাপ করে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮