প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৪, ১০:৪২ এ.এম
গাজীপুরে ফরেস্ট রেঞ্জ অফিসের ১২ আগ্নেয়াস্ত্র ৮ দিনেও উদ্ধার হয়নি।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জ অফিস থেকে গুলিসহ লুট হওয়া ১২টি আগ্নেয়াস্ত্র গত ৮ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা। এই সুযোগে একশ্রেণির ভূমিদস্যু প্রকাশ্যে বন বিভাগের জমি জবর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে বলে জানা যায়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়- গত ৫ আগস্ট দুর্বৃত্তরা উপজেলার বিভিন্ন স্থাপনায় হামলা- ভাঙচুর- লুটপাট ও অগ্নিসংযোগ করে। ঐদিন বিকালে কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জ অফিস ও চন্দ্রা ফরেস্ট বিট অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে তারা। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর- অফিসের মূল্যবান ফাইলপত্র- অফিসের সামনে রক্ষিত একটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। একপর্যায়ে তারা অফিসে রক্ষিত চারটি শটগান ও আটটি রাইফেলসহ ৮২৪ রাউন্ড গুলি নিয়ে যায়। রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশ না থাকায় এ ব্যাপারে যথাসময়ে থানায় অভিযোগ দিতে পারিনি এবং এখনো লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। এই সুযোগে একশ্রেণির ভূমিদস্যু রেঞ্জের বিভিন্ন এলাকায় সরকারি জমি জবর দখল করে বিপুলসংখ্যক স্থাপনা নির্মাণ করেছে। কর্মবিরতির পর থানায় পুলিশ আসার পর মঙ্গলবার সকালে আমি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ পাওয়ার পর বিকালেই থানার ওসি এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বন বিভাগের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান- অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২