উৎপল রক্ষিত,
গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোববার ( ২৭ সেপ্টেম্বর) মুখোমুখি হয় অঞ্চল-০২ (পূবাইল) এবং অঞ্চল-৮ (কাশিমপুর)। কাশিমপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ( গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠ) বিকেল ৩টায় এই রোমাঞ্চকর ম্যাচটি শুরু হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলায় ৩-২ গোলে কাশিমপুর অঞ্চলকে হারিয়ে বিজয়ের হাসি হাসে পূবাইল অঞ্চল।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। রোববার বিকেল ৩টায় টুর্নামেন্ট ও খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি এবং বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার , আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ । এছাড়া, মাঠে উপস্থিত থেকে মাইকে খেলা পরিচালনা ও সার্বিক দিক চমৎকারভাবে তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রহিম খান খালা।
উদ্বোধনী এই ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দর্শনার্থীদের ভিড়ে মাঠের চারপাশ ছিল কানায় কানায় পরিপূর্ণ। এমনকি মাঠে তিল ধারণের জায়গা না থাকায় আশপাশের বিভিন্ন ভবনের ছাদেও অসংখ্য দর্শক দাঁড়িয়ে খেলা উপভোগ করেন, যা টুর্নামেন্টটির প্রতি সাধারণ মানুষের প্রবল আগ্রহের প্রমাণ দেয়।
অঞ্চল ভিত্তিক এই টুর্নামেন্টের পরবর্তী সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো পর্যায়ক্রমে গাজীপুরের বিভিন্ন স্টেডিয়াম ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮