মোঃ আসিফুজ্জামান আসিফ,
গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরবর্তী সময়ে আরও তিনটি ইউনিট যুক্ত হলে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
তিনি আরও জানান, গোডাউনে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮