প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ১২:০২ পি.এম
গাজীপুরে পৃথক ভাবে দুই বাসে আগুন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য বেঁচে যান বাসের চালক। অপর দিকে গাজীপুর মহানগরীর সদর থানার শিববাড়ি-শিমুলতলী সড়কের বটতলায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয় গতকাল রোববার গভীর রাতে।
জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় শ্রমিক আনা-নেওয়া করতো একটি বাস । প্রতিদিনের মতো সোমবার ভোরে শ্রমিক আনার উদ্দেশে বাসটি কোনাবাড়ীর দিকে যাচ্ছিল। পথে সফিপুর বাজারে পূর্বপাশে সামনে আরেকটি বাস দাঁড়িয়ে থাকায় বাসটি থামাতে হয় চালককে। এ সময়ে হঠাৎ চার-পাঁচজন যুবক দৌড়ে বাসটিতে ওঠে পড়ে। এরপর তারা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভাতে গিয়ে গাড়ির ভেতরের এবং সামনের অধিকাংশই পুড়ে যায়।
কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ভোর রাতে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
অপরদিকে গাজীপুর মহানগরীর সদর থানার শিববাড়ি-শিমুলতলী সড়কের বটতলায় গতকাল রোববার রাত ২টার দিকে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গাজীপুর মহানগরীর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে শিববাড়ি-শিমুলতলী সড়কের বটতলায় একটি দাঁড়ানো বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২