প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৪, ১২:৪৭ পি.এম
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর ও গাড়িতে আগুন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা-চোরাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে দুটি পুলিশের গাড়িতেও আগুন দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুঁড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান- পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুত মোড়ে অবস্থান নেন গাজীপুরের বিভিন্ন স্কুল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরকার দলীয় কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়। কিছু সময় পর আন্দোলনকারীরা মাওনা ফ্লাইওভার এলাকায় যান। পরে তারা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যান। এসময় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মাওনা ফ্লাইওভারের নিচ থেকে খণ্ড মিছিল বের করেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবারো মাওনা চৌরাস্তায় আসেন। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মাওনা হাইওয়ে, গাজীপুর জেলা পুলিশ- শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালান। এসময় গাজীপুর জেলা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা আশপাশে লাগানো বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে। পরে তারা দুইটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
অপরদিকে আজ সকাল ১১টা থেকেই বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জড়ো হতে থাকেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির শোক মিছিল পালন করতে চন্দ্রা এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নেয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যাক পুলিশ অবস্থান নেয় চন্দ্রা যাত্রী ছাউনির সামনে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে চন্দ্রা এলাকায় শিক্ষার্থীদের একটি মিছিল পৌঁছায়। এসময় আন্দোলনকারীরা ১০-১২টি যানবাহন ভাঙচুর করে। ফলে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা- গাজীপুর মহাসড়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রী - সাধারণের চরম দুর্ভোগের শিকার হয়। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিউল আলম জানান- গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি ও পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২