প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৩, ৩:৪৭ এ.এম
গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন আহত ২।।

মো. ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার ।।
গাজীপুরের কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকায় একটি চলন্ত ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায় গাজীপুর থেকে একটি রডবোঝাই ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। গোয়ালবাথান লতিফপুর পৌঁছালে দুষ্কৃতকারীরা মোটরসাইকেলযোগে চলন্ত ট্রাকে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ট্রাকচালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান খবর পেয়ে তাদের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান চলন্ত ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২