এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রাম সফরে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের দল। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী।
আজ মঙ্গলবার ১০ জানুয়ারি ২০২৩ দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের কক্ষে এ স্বাক্ষাৎ করেন। এ সময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট বিষয়ে দ্বি-পাক্ষিক আলোচনাও করেন কমিশনের সদস্য কংজরী চৌধুরী। এ সময় খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তিনি জানান, আগামী ১৬ জানুয়ারী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ ও সদস্যসহ ১৯ সদস্যের দল খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় সফরের বিষয়ে আলোচনা হয়। একই সাথে এ সফরের মতবিনিময়সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি মানবাধিকার কমিশনের নব নিযুক্ত সদস্য কংজরী চৌধুরীকে অভিনন্দন জানান।
আগামী সোমবার ১৬ জানুয়ারি ২০২৩ বিকাল ৪টায় খাগড়াছড়ি সার্কিট হাউজ সম্মেলন কক্ষে “খাগড়াছড়ি জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি’র সদস্যদের সাথে মতবিনিময়ের বিষয়ে আলোচনা করেন কমিশনের সদস্য কংজরী চৌধুরী। এ তিন দিনের সফরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা, কমিশনের সদস্য মো: আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড.বিশ্বজিৎ চন্দ, ড. তানিয়া হক ও কাওসার আহমেদ, সচিব (যুগ্ম সচিব) নারায়ন চন্দ্র সরকার, পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা ও দায়রা জজ) আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপ-পরিচালক মোঃ আজহার হোসেন, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) জামাল উদ্দিন, রাঙামাটি জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সালেহ এবং চেয়ারম্যানের দেহরক্ষী মোঃ ইসমাঈল হোসেন সফল সঙ্গী হিসেবে থাকবেন বলে কমিশনের এক তথ্যে জানানো হয়েছে। এ তিন দিনের সফরের প্রথম দিনে ১৬ জানুয়ারি সড়ক পথে এসে দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে অবস্থান করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা। একই দিন ৪টায় মতবিনিময় সভায় অংশ নেবেন। পর দিন ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার বান্দরবান ও ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের রাঙামাটি পার্বত্য জেলা সফর করার কথা রয়েছে কমিশনের। এদিকে গত ৮ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব (ড্র) (চ.দাঃ) মোহাম্মদ আসাদুজ্জামান নুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আইন-বিবিধ-১৬/০৮(অংশ-১)-৭১০ মুলে প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৩নং আইন) এর ধারা ৬(১),ধারা ৫ এর উপ ধারা(২) ও (৩)এর সহিত পঠিতব্য এর বিধান অনুয়ারী রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে পাহাড়ের কৃতি সন্তান কংজরী চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের পর এটিই পাহাড়ে প্রথম সফর বলে জানা যায়। নব নিযুক্ত কমিশনের সদস্য কংজরী চৌধুরী একাধারে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সভাপতি ছাড়াও তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। সমাজ সেবা থেকে শুরু করে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থেকে গণমানুষের জন্য দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ইতোমধ্যে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন কমিশনের সদস্য কংজরী চৌধুরী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮