প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৩, ১০:৩১ এ.এম
ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করলো ইবি ছাত্রলীগ সম্পাদক।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের সকল নেতাকর্মীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিএনপি-জামাতের হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করে সমাবেশে ছাত্রলীগ সম্পাদক বলেন, ‘আমরা লক্ষ্য করলাম, কয়েকদিন আগে রাতের আঁধারে এসে একটা ভাড়াটিয়া গুন্ডা দিয়ে ছাত্রদলের নাম দিয়ে সর্বাত্মক অবরোধ লিখে তিন ফুটের একটি ব্যানার তারা প্রশাসন ভবনের পেছনের গেইটে লাগিয়ে যায়। আমরা আহবান করবো আপনারা যদি ছাত্র হয়ে থাকেন, ছাত্র রাজনীতি করে থাকেন। তাহলে রাতের আঁধারে না এসে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট দিয়ে আসুন। রাজপথে আপনাদের মোকাবেলা করা হবে। রাতের আঁধারে এসে একটি ব্যানার মেরে হাইপ তুলো কোনো নোংরামি সৃষ্টির চেষ্টা করবেন না। সমস্ত নেতাকর্মীদের সামনে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল নেতাকর্মীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ক্যাম্পাসের আশেপাশে কোথাও যদি কোনো ছাত্রদল, ছাত্রশিবির এবং স্বাধীনতা বিরোধী শক্তিদের দেখা যায়, তাহলে তাদেরকে দাঁত ভাঙা নয় পিঠ ভাঙা জবাব দেওয়া হবে।’
এসময় সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি তন্ময় শাহা টনি, মামুনুর রশীদ, বনি আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার সহ বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বেলা পৌনে ১২টায় সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দলীয় টেন্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় টেন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২