বিনোদন ডেস্ক,
বিয়ের সাজে বিশেষ আকর্ষণ থাকে বাগদানের আংটি। কারও আংটিতে থাকে বিশাল হীরা, আবার কারও পছন্দ বিশেষ নকশার গয়না। বলিউড তারকাদের বিয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনের পাশাপাশি দামি পোশাক ও গয়নাও থাকে আলোচনায়। বিশেষ করে অভিনেত্রীদের বাগদানের হীরার আংটি প্রায়ই নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের।
চলুন জেনে নেওয়া যাক, বলিউডের কোন অভিনেত্রীর আংটির দাম কত।
অসিন
বলিউডের সবচেয়ে দামি বিয়ের আংটিগুলোর একটি রয়েছে ‘গজনী’খ্যাত অভিনেত্রী অসিনের কাছে। ২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ের সময় পাওয়া আংটিটিতে রয়েছে ২০ ক্যারেটের একটি হীরা। বেলজিয়ামে বিশেষভাবে তৈরি এ আংটিতে দম্পতির নামের আদ্যক্ষরও খোদাই করা রয়েছে। এর আনুমানিক দাম ৬ কোটি রুপি।
শিল্পা শেঠি
২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পা শেঠির। বিয়ের সময় রাজের দেওয়া ২০ ক্যারেটের হীরার আংটিটি ছিল আলোচনায়। বড় আকৃতির হীরা ও বিশেষ নকশার এই আংটির দাম আনুমানিক ৩ কোটি রুপি। শোনা যায়, লন্ডন থেকে আংটিটি কিনেছিলেন রাজ।
আলিয়া ভাট
রণবীর কাপুরের দেওয়া আলিয়া ভাটের বাগদানের আংটির দাম প্রায় ৩ কোটি রুপি। বিশেষ নকশার এ আংটিতে রয়েছে একটি বড় হীরার পাশাপাশি আটটি ছোট হীরা। জানা যায়, রণবীরের কাছে ‘৮’ সংখ্যাটি বিশেষ অর্থ বহন করে। সেই ভাবনা থেকেই আংটিতে আটটি ছোট হীরা রাখা হয়েছিল। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন এই তারকা জুটি।
প্রিয়াঙ্কা চোপড়া
নিক জোনাসের দেওয়া টিফানি অ্যান্ড কোম্পানির কুশন-কাট হীরার আংটিও বেশ আলোচিত। প্ল্যাটিনামের তৈরি এ আংটিতে রয়েছে একটি বড় হীরা এবং দুই পাশে ছোট হীরার কারুকাজ। এর দাম আনুমানিক ২ কোটি ৭০ লাখ রুপি। ২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরের প্রাসাদে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক।
দীপিকা পাড়ুকোন
রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর থেকেই দীপিকার আঙুলে দেখা যায় আয়তাকার নকশার একটি বড় হীরার আংটি। প্ল্যাটিনামের ওপর বসানো এ আংটির দাম আনুমানিক ১ কোটি ৩০ লাখ থেকে ২ কোটি ৭০ লাখ রুপি। ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোয় দুই রীতিতে বিয়ে করেন তাঁরা।
আনুশকা শর্মা
বিরাট কোহলির সঙ্গে বাগদানের সময় আনুশকার আংটিও নজর কেড়েছিল। অস্ট্রিয়ার এক গহনাশিল্পীর তৈরি এ আংটিতে রয়েছে একটি বড় হীরা। এর আনুমানিক দাম ১ কোটি রুপি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরাট ও আনুশকা।
কিয়ারা আদভানি
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের সময় কিয়ারার আঙুলে দেখা যায় সাবেকি ও আধুনিক নকশার মিশেলে তৈরি একটি হীরার আংটি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এর দাম ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখ রুপির মধ্যে। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেন এই তারকা জুটি।
সামান্থা রুথ প্রভু
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর আংটিটি নকশার দিক থেকে বেশ ব্যতিক্রমী। চারপাশে আটটি পাপড়ির মতো নকশায় বসানো হয়েছে আটটি হীরা। এর আনুমানিক দাম ১ কোটি ৫০ লাখ রুপি। ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা।
রানি মুখার্জি
পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ে হয় রানি মুখার্জির। ২০১৪ সালের ২১ এপ্রিল বিয়ের পর তাঁর আঙুলে দেখা যায় বড় একটি হীরার আংটি। সাবেকি আভিজাত্যের নকশার এ আংটির দাম আনুমানিক ২ কোটি রুপি বলে জানা যায়।
সোনম কাপুর
ফ্যাশনসচেতন অভিনেত্রী সোনম কাপুরের বিয়ের আংটিতেও রয়েছে রুচির ছাপ। ব্যবসায়ী আনন্দ আহুজার দেওয়া আংটিতে বসানো রয়েছে একটি বড় হীরা। এর দাম আনুমানিক ৯০ লাখ রুপি। ২০১৮ সালের ৮ মে মুম্বাইয়ে বিয়ে করেন সোনম ও আনন্দ।
তবে দামি বাগদানের আংটির তালিকায় শুধু অভিনেত্রীরাই নন, রয়েছেন শিল্পপতিদের স্ত্রীরাও। তাঁদের মধ্যে অন্যতম নীতা আম্বানি। তাঁর আংটিতে রয়েছে ৫২ দশমিক ৫৮ ক্যারেটের একটি হীরা। মোগল যুগের নকশার ছোঁয়া থাকা এ আংটির দাম ৫৩ কোটি রুপির বেশি বলে জানা যায়।
এ ছাড়া কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও বিদ্যা বালানের সংগ্রহেও রয়েছে দামি বাগদানের আংটি। সব মিলিয়ে বলিউড তারকাদের বিয়ের গয়নার তালিকায় হীরার আংটিগুলো বিশেষ জায়গা দখল করে আছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮