আন্তর্জাতিক ডেস্ক,
জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিক ভাষণের মাঝেই স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে খুঁজতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঞ্চ থেকে তিনি প্রশ্ন করেন, ‘আমাদের ফার্স্ট লেডি কোথায়?’
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। বক্তব্যে মেলানিয়ার মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন ট্রাম্প।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের পুনর্মিলনে মেলানিয়ার উদ্যোগের কথা তুলে ধরে ট্রাম্প তাকে ধন্যবাদ জানান। এ সময় ক্যামেরা দর্শকসারিতে থাকা মেলানিয়ার দিকে ঘুরলে তিনি হাসিমুখে হাত নাড়েন।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত মেলানিয়ার উদ্যোগে ৩৪টি শিশু পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছে। এছাড়া শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ জোটের কথাও উল্লেখ করেন ট্রাম্প।
২০২৫ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চালু হওয়া এই জোটে বর্তমানে ৫৭টি দেশ রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। পাশাপাশি অ্যাডোবি, অ্যামাজন, ইন্টেল, স্টারলিংক, গুগল ও জুমের সঙ্গে নতুন প্রযুক্তি অংশীদারিত্বের কথাও জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮