এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি ফার্মেসিকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়েজ উদ্দীন।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ায় মেম্বারের অফিস সংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার টাকা এবং পাশের তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানে ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধ বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে সদর উপজেলার ড্রাগ সুপার মোহাম্মদ কবির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮