চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে আদিতমারী থানার দিঘলটারী বিওপির ‘মান্নানের চৌপতি’ এবং ১৭ ফেব্রুয়ারি ভোরে ফুলবাড়ী থানার অনন্তপুর বিওপির ‘পশ্চিম রামখানা’ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৫ কেজি গাঁজা, ৪০ বোতল ইস্কাফ সিরাপ এবং ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ৫ কেজি গাঁজার আনুমানিক মূল্য ১৭,৫০০ টাকা, ৪০ বোতল ইস্কাফ সিরাপের মূল্য ১৬,০০০ টাকা এবং ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ৫০,০০০ টাকা। সব মিলিয়ে মোট ৮৩ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮