চঞ্চল,
সীমান্ত দিয়ে পণ্য পাচার ও মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। কুড়িগ্রামের ফুলবাড়ী এবং লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি’র টহল দল। শুক্রবার (৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ মার্চ রাতে হাতীবান্ধার ঝাউরানী বিওপির ‘উত্তর ঝাউরানী’ এবং ৬ মার্চ সকালে ফুলবাড়ীর গংগারহাট বিওপির ‘উত্তর কুটিচন্দ্রখানা’ এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৭২ কেজি ভারতীয় জিরা এবং ৭৬ বোতল নিষিদ্ধ ইস্কাফ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত ৭২ কেজি জিরার বাজারমূল্য ৭২ হাজার টাকা এবং ৭৬ বোতল মাদকদ্রব্যের সিজার মূল্য ৩০ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে ১ লক্ষ ২ হাজার ৪০০ টাকার মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে এবং কোনো অবস্থাতেই চোরাচালানকে প্রশ্রয় দেওয়া হবে না।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮