চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পৃথক দুটি বিশেষ অভিযানে কুড়িগ্রামের নাগেশ্বরী ও লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিভিয়া সফট ক্রিম এবং নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ও রাতে এই অভিযানগুলো পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে রামখানা বিওপির একটি টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ক্লিনিক মোড় এলাকায় অভিযান চালায়। অন্যদিকে, একই দিন রাত পৌনে ৮টার দিকে হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী এলাকায় ঝাউরানী বিওপির আরেকটি দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন বিজিবি টহল দল সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯৫০ পিস ভারতীয় নিভিয়া সফট ক্রিম এবং ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য ধরা হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি বলেন, "সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ বিজিবি এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮