চঞ্চল,
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আজ রবিবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব ফুলমতি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর ৪টা ৫০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি আভিযানিক দল ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের আতিকুর রহমান নয়নের নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর শোবার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আতিকুর রহমান নয়ন ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজাসহ আসামিকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, রংপুর বিভাগকে মাদকমুক্ত করতে র্যাবের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮