
চঞ্চল,
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২১১ বোতল নিষিদ্ধ এস্কাফ (ESKuf) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় চাপারহাট হতে বালাপাড়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যান তল্লাশি করা হয়। ভ্যানের বডিতে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২১১ বোতল ফেনসিডিল সদৃশ মাদকদ্রব্য এস্কাফ জব্দসহ চালক আব্দুল হামিদকে (৩৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানি (ডাঙ্গাপাড়া) গ্রামের আব্দুল খালেকের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে কৌশলে মাদক পরিবহন ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।
























