চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট বিওপির আওতাধীন তেতুলতলা নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একদল চোরাকারবারী সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করছে। তথ্যানুযায়ী, বুড়িরহাট বিওপির একটি বিশেষ টহলদল তেতুলতলা এলাকায় অবস্থান নেয়। অভিযান চলাকালে বিজিবি সদস্যরা কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১৮০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, জব্দকৃত ৪ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার টাকা এবং ১৮০ বোতল ফেয়ারডিল সিরাপের মূল্য ৭২ হাজার টাকা। সব মিলিয়ে মোট ৮৬ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এই মাদক চক্রের সাথে জড়িত চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অধিনায়ক আরও বলেন, "দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮