চঞ্চল,
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১৩২ বোতল ফেনসিডিল সদৃশ 'ফেয়ারডিল'সহ আন্তঃজেলা নারী মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। আজ সোমবার (০৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ এপ্রিল (রবিবার) বিকেলে র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট সংলগ্ন আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে অবস্থান নেয়। বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে সন্দেহভাজন তিন নারীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৩২ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া নারী মাদক ব্যবসায়ীরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুরের মৃত ওয়াহেদ আলীর মেয়ে রুপালি (৪৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জের মন্টুর মেয়ে স্মৃতি আক্তার (২৪) জয়পুরহাটের পাঁচবিবির লুৎফর প্রামানিকের মেয়ে মোছাঃ মোমেনা খাতুন (৪৯)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নারীরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা নারী সদস্য হিসেবে সুকৌশলে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করতেন।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এই কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮