চঞ্চল,
লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সিটের নিচে অভিনব কায়দায় মাদক পাচারের সময় শরিফুল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৩ এর সদর কোম্পানি রংপুর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রাম এলাকায় লালমনিরহাট-রংপুরগামী পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশিকালে সেটির তেলের ট্যাংকি ও সিটের নিচে লুকানো অবস্থায় ১০০ বোতল এস্কাফ (ESKuf) এবং ১০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলামকে। গ্রেপ্তারকৃত শরিফুল লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিশেষ কৌশলে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮