মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে বিনা নোটিশে বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার সাধারণ শ্রমিকরা। সোমবার সকালে উপজেলার পূর্ব চান্দরার পাশা গেট এলাকায় এপেক্স উইভিং এন্ড ফিনিসিং লিমিটেডের সামনে অবস্থান নেন তারা। ঈদের ছুটির পর কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা হতাশ ও ক্ষুব্দ হয়ে পড়েন।
শ্রমিকদের অভিযোগ , কয়েক মাসের বেতন বকেয়া রেখেই তাদের ঈদের ছুটিতে পাঠায় এপেক্স উইভিং লিমিটেড কর্তৃপক্ষ। সোমবার কারখানা খোলার কথা ছিল । সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন, প্রধান ফটক তালাবদ্ধ, ঝুলছে কারখানা বন্ধের নোটিশ। এ সময় শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চান। তারা রাজি না হলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা কারখানা খুলে দেওয়ার দাবিতে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে তাদের এক কর্মসূচি।
এপেক্স উইভিং এন্ড ফিনিশিং মিলস লিমিটেড শ্রমিক - কর্মচারী ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম সরকার ও হোম টেক্সটাইল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন,কারখানায় কাজ বন্ধের ষড়যন্ত্রমূলক বে-আইনি নোটিশ বাতিল করে উৎপাদন চালু করে শ্রমিকদের বকেয়া পাওনা ৭ কর্মদিবসের মধ্যে মজুরি দেওয়ার জোর দাবি জানান।
শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেস আলী জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, মঙ্গলবার সকালে শ্রমিকদের সঙ্গে বৈঠক করে বিষয়গুলো সমাধান করবেন।' পরে তাদের আশ্বাসে বিক্ষোভস্থল ছেড়ে যান শ্রমিকেরা।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কালিয়াকৈর আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম জানান, শ্রমিকদের নায্য পাওনা আদায়ের ব্যাপারে শিল্প পুলিশ ও কারখানার কর্তৃপক্ষের সাথে শান্তিপূর্ণ ভাবে সমাধানের চেষ্টা করছি, কিন্তু কারখানা আগামী ১৮ জুন ২০২২ পর্যন্ত বন্ধ ঘোষনা করায় আলোচনা ফলপ্রসূ হচ্ছে না। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে কারখানার প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হচ্ছে।
এব্যাপারে এপেক্স উইভিং এন্ড ফিনিসিং মিলস্ লিমিটেডের উপ মহা-ব্যবস্হাপক মিঃ দোজাকে মঙ্গলবার দুপুরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।র
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮